সরকারি রাস্তা আটকে বালুর পাইপ স্থাপন, ভেদরগঞ্জে ৫০ হাজার টাকা জরিমানা
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া বাজার এলাকায় সরকারি রাস্তা আটকে বালুর পাইপ স্থাপন ও অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়ক ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, সরকারি রাস্তা দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে বালু পরিবহনসহ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম না চালাতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।








