হাসিনার জন্মদিনের কেক কাটার আগেই পালালেন নেতাকর্মীরা, কেক-মোটরসাইকেল জব্দ
সূত্রঃ বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন সেখানে জড়ো হওয়া নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, জোড়া ব্রিজসংলগ্ন ফাঁকা রাস্তায় বড়কান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেখানে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়েছেন—এমন খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যায় পুলিশ। কেকটি কাটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ জানায়, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মালিকানা এবং সেগুলো কারা ব্যবহার করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, “কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”








