জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সিরিজটি আয়োজনের জন্য বছরের শুরুর দিকে একটি সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, বাংলাদেশ-ভারত সিরিজ জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে।
এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিল। পরে সেটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দুই দলের।
তবে সেপ্টেম্বরে সিরিজটি হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল সম্প্রতি জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজ নিয়ে আলোচনা চলছে এবং তারিখ পরিবর্তন হতে পারে।
২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সিরিজ একাধিকবার পিছিয়েছে।
এখন সেপ্টেম্বরে না হয়ে জানুয়ারিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। তবে সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিসিআই।
এমকে/বিএম২৪









