কিংসের নিষেধাজ্ঞা কমছে, আবাহনীতে ম্যানেজার বদল

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ১২:০২ এএম
কিংসের নিষেধাজ্ঞা কমছে, আবাহনীতে ম্যানেজার বদল

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক



ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার পর ঢাকা আবাহনীর ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিনই সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপনকে ক্লাবটির নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন দলটির ফুটবল কার্যক্রম দেখভাল করা বাফুফে নির্বাহী সদস্য ও আবাহনী কর্মকর্তা সত্যজিত দাস রুপুকে সরিয়ে দেওয়া হয়েছে।


গতকাল রাতে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয় ঢাকা আবাহনী। ফলে আসন্ন দলবদলে অংশ নিতে এখন আর তাদের কোনো বাধা নেই। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সত্যজিত দাস রুপু। এতদিন তিনিই মূলত আবাহনীর ফুটবল দলের কার্যক্রম পরিচালনা করতেন।


বাফুফে নির্বাহী কমিটির সদস্য বা স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে থাকা কেউ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় ডাগআউটে থাকতে পারেন না। এ কারণে রুপু আনুষ্ঠানিকভাবে আবাহনীর ম্যানেজার ছিলেন না। আলী ইয়াকুব ঝন্টু ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকলেও দলের অধিকাংশ কার্যক্রম রুপুর তত্ত্বাবধানেই পরিচালিত হতো।


এক মৌসুম আগে আবাহনীর ব্যবস্থাপনায় রুপু ছিলেন না। সে সময় ব্যবস্থাপনার বিভিন্ন ভুলের কারণেই মূলত ফিফার নিষেধাজ্ঞার সূত্রপাত হয় বলে সংশ্লিষ্টদের ধারণা। পরে সংকটময় পরিস্থিতিতে ক্লাব আবারও রুপুকে দায়িত্ব দেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে পরিচালকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


আবাহনীর কোচ হিসেবে থাকছেন মারুফুল হক। দল গঠনে এবার তার ওপরই আস্থা রাখছে ক্লাব। কোচিংয়ের পাশাপাশি সংগঠকের ভূমিকাতেও তাকে দেখা যেতে পারে।


নতুন ম্যানেজার শহীদ হোসেন স্বপন প্রায় দুই দশক আগে আবাহনীর হয়ে খেলেছেন। প্রায় ছয় বছর ক্লাবটির জার্সিতে খেলার পর ১৯৯৮ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি। এরপর আবাহনীর সঙ্গে নিয়মিতভাবে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।


এদিকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও এখনো দল গুছিয়ে উঠতে পারেনি ঢাকা আবাহনী। ফলে আগামীকাল শেষ হতে যাওয়া ফুটবলার নিবন্ধন কার্যক্রম সময়মতো শেষ করা তাদের জন্য কঠিন হতে পারে।


অন্যদিকে বর্তমান বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আরও কঠিন পরিস্থিতিতে রয়েছে। নিষেধাজ্ঞা বহাল থাকায় তারা এখনো ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। তবে ধীরে ধীরে কমছে তাদের নিষেধাজ্ঞা। একসময় ১৪টি নিষেধাজ্ঞা থাকলেও তা কমে ৯টিতে নেমেছে। আজ রাতেও আরও একটি নিষেধাজ্ঞা কমেছে।


আগামীকাল ফুটবলার নিবন্ধনের শেষ দিন হলেও পরিস্থিতি বিবেচনায় নিবন্ধনের সময়সীমা আরও এক দফা বাড়াতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।



এমকে/বিএম২৪