খাগড়াছড়িতে ৪ অপ্রাপ্তবয়স্ক কিশোর আটক, অভিভাবকদের জিম্মায় হস্তান্তর

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১০:১২ এএম
খাগড়াছড়িতে ৪ অপ্রাপ্তবয়স্ক কিশোর আটক, অভিভাবকদের জিম্মায় হস্তান্তর

সূত্রঃ ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি


খাগড়াছড়িতে চাকরির উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে চারজন অপ্রাপ্তবয়স্ক ত্রিপুরা কিশোরকে সন্দেহজনকভাবে আটকের পর পুলিশি যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


জানা গেছে, গত ২ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর চকবাজার এলাকার বাসিন্দা শিউলী রাণী শীল (৩৪) তার ফাস্টফুডের দোকানে কাজের জন্য চারজন অপ্রাপ্তবয়স্ক ত্রিপুরা কিশোরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি স্থানীয় ত্রিপুরা ঐক্য পরিষদের নেতাদের সন্দেহজনক মনে হলে তারা তাদের আটক করে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করেন।


পরে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটক কিশোরদের অভিভাবক ও স্থানীয় কার্বারিদের উপস্থিতিতে বিষয়টি যাচাই-বাছাই করেন। তদন্তে জানা যায়, কিশোররা চাকরির উদ্দেশ্যেই ঢাকায় যাচ্ছিল এবং এ ঘটনায় অপহরণ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।


যাচাই শেষে শিউলী রাণী শীলকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে কিশোররা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ঢাকায় কাজে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করে পুলিশ।


আটক চার কিশোর হলেন— হিমেল ত্রিপুরা (১৫), লেকেশ্বর ত্রিপুরা (১৬), নিরব ত্রিপুরা (১৭) এবং শান্ত বিকাশ ত্রিপুরা (১০)।


পুলিশ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এমকে/বিডিমেইল২৪