ইংলিশ গণমাধ্যমে ইমরানপুত্রদের সাক্ষাৎকার, ম্যাচ বয়কটের হুমকি পাকিস্তানের
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানকে দেওয়া সাক্ষাৎকার প্রচার করায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ম্যাচ বয়কট করেনি পাকিস্তান দল।
ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসে প্রচারিত ওই সাক্ষাৎকারটি নেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। ইমরানের ছেলেদের ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচারের আগে কিছুটা দেরি করে স্কাই। পরে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে ক্ষোভ প্রকাশ করে পিসিবি।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নবিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সে সময় পাকিস্তানের খেলোয়াড়রা বিকেলের সেশনের প্রস্তুতি হিসেবে মাঠে ওয়ার্ম-আপ করছিলেন। সাক্ষাৎকার প্রচারের পরও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে নামে পাকিস্তান।
এর আগে পিসিবির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার করা হলে লর্ডসে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দল মাঠে ফিরবে না।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। সরকারবিরোধী সমালোচকদের প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় সাক্ষাৎকারটি নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সাক্ষাৎকারে কাসিম ও সুলাইমান অভিযোগ করেন, কারাগারে থাকা তাদের বাবা ইমরান খানকে পাকিস্তান সরকার ‘হত্যার চেষ্টা’ করছে। তারা আরও অভিযোগ করেন, ইমরান ঠিকমতো পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।
ইমরান খান ২০২২ সালের আগস্টে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন। বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান ২০১৮ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ক্ষমতায় আসার পর দেশটির প্রধানমন্ত্রী হন। ক্রিকেটার হিসেবেও তার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার—পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট খেলেছেন এবং ১৯৯২ সালে দেশকে বিশ্বকাপ জেতান।
এদিকে লর্ডস টেস্টের প্রথম দিনে দারুণ অবস্থানে রয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে মাত্র ৫৬ ওভার খেলা হলেও ইংল্যান্ডের ৯ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৯ উইকেটে ২৪৮ রান। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ৪টি এবং মোহাম্মদ আলি ৩টি উইকেট নিয়েছেন।








