চেকের মামলায় ববি কর্মকর্তা আবুল কালাম কারাগারে
সূত্রঃ সংগৃহীত
ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে চেকের মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে পটুয়াখালীর বাউফল থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, চেকের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বরিশালের একটি আদালত ওই মামলায় তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানা করেছেন।
তবে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন আবুল কালাম আজাদ। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি গ্রেপ্তার হইনি। রোববার বিশ্ববিদ্যালয়ে এসে সরাসরি কথা বলব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হারুন অর রশিদ খানের সহোদর ভাই। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রথমে কেয়ারটেকার পদে নিয়োগ পান। পরে পদোন্নতির মাধ্যমে বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিএসসির সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ কোনো ছুটি নেননি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি অফিসে উপস্থিত হননি। কেন তিনি অফিসে আসেননি, তা জানা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আমরা প্রশাসনিকভাবে এ ধরনের কোনো তথ্য পাইনি।’









