চবিতে বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১০:২২ এএম
চবিতে বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ছাত্রদলের আনন্দ মিছিল

সূত্রঃ সংগৃহীত

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি প্রশাসনিক ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদ প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের অনুপ্রেরণায় আমরা ক্যাম্পাসে একটি গুণগত, ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতির চর্চা করতে চাই। তবে এই পথের অন্যতম বড় বাধা হলো ছাত্ররাজনীতিকে ব্যবহার করে কোনো মহলের গুপ্ত এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা।’

তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহি, যুক্তি ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে। প্রতিহিংসা, দখলদারিত্ব ও সন্ত্রাসের পরিবর্তে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

মিছিল ও সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীরা সরকারের ১৮০ দিন পূর্তিতে বিভিন্ন স্লোগান দেন।