ইতালির চলচ্চিত্র উৎসবে সাবেক চবিয়ানের ‘সিনক্রোনাইজেশন’, এবার প্রদর্শনী চবিতে

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম
ইতালির চলচ্চিত্র উৎসবে সাবেক চবিয়ানের ‘সিনক্রোনাইজেশন’, এবার প্রদর্শনী চবিতে

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী খালেদের নির্মিত সায়েন্স ফিকশন-ডিস্টোপিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিনক্রোনাইজেশন’ ইতালির করলিওনি ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচনের পর এবার সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।


আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৮ মিনিটের ‘সিনক্রোনাইজেশন’-এর পাশাপাশি একই দিনে নির্মাতা খালেদের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড অ্যান্ড রোজ’ প্রদর্শিত হবে।


‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে উঠে আসা করলিওনি পরিবারের নাম অনুসারে প্রতিষ্ঠিত করলিওনি ফিল্ম ফেস্টিভালে ‘সিনক্রোনাইজেশন’ নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটির আন্তর্জাতিক স্বীকৃতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনী ঘিরে আগ্রহ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।


দুটি চলচ্চিত্রেই অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন কারিগরি কাজেও যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা।


‘সিনক্রোনাইজেশন’ চলচ্চিত্রে ‘আয়নাঘর’-সদৃশ একটি কয়েদখানায় তিন বন্দির মুক্তির সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘ব্লাড অ্যান্ড রোজ’-এর মাধ্যমে দর্শকদের একটি পরাবাস্তব জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।


দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই চলচ্চিত্র প্রদর্শনী ঘিরে দর্শকদের ভালো উপস্থিতির প্রত্যাশা করছেন আয়োজকেরা। ইতালিভিত্তিক চলচ্চিত্র উৎসবে ‘সিনক্রোনাইজেশন’ নির্বাচিত হওয়ায় নির্মাতা ও তাঁর পুরো দল প্রশংসা পেয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকেও চলচ্চিত্রটির প্রশংসা করা হয়েছে। তাঁদের মধ্যে চুয়েট ফিল্ম সোসাইটি ও খুলনা বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতিও রয়েছেন।


নির্মাতা খালেদ বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিনক্রোনাইজেশন’ নির্বাচিত হওয়া তাঁদের আয়োজিত প্রদর্শনীর জন্য ইতিবাচক একটি দিক। তাঁর প্রত্যাশা, আন্তর্জাতিকভাবে নির্বাচিত চলচ্চিত্রটি দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে প্রদর্শনীতে উপস্থিত হবেন।