রক্ষকই যখন ভক্ষক: অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করলেন সেই আরবি শিক্ষক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম
রক্ষকই যখন ভক্ষক: অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করলেন সেই আরবি শিক্ষক

সূত্রঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার:


শিক্ষক হলেন সভ্যতার স্থপতি এবং মানুষের জীবন গড়ার কারিগর। কিন্তু রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজের অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বাল্যবিবাহ করেন, তখন সমাজের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে—তা নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক ও ক্ষোভ।


সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠা আরবি শিক্ষক মো. মাহবুব আলমের বিরুদ্ধে এবার ওই অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাল্যবিবাহ বন্ধ করতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে একটি দল ওই ছাত্রীর বাড়িতে গেলেও তাদের পৌঁছানোর আগেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। পরে বর-কনে সেখান থেকে চলে যান বলে জানা গেছে।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।


এর আগে, গত ২৫ আগস্ট ওই ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে মাহবুব আলমকে মাদ্রাসা কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করে। এ ঘটনায় ছাত্রীর বাবা কালিগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করলেও পরে তা প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার ওসি শাহিনুর রহমান।


অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ের অভিযোগের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।



এমকে/বিএম২৪