বেরোবিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড পেলেন ১৮ শিক্ষার্থী

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম
বেরোবিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড পেলেন ১৮ শিক্ষার্থী

সূত্রঃ সংগৃহীত

রংপুর প্রতিনিধি:


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।


অনুষ্ঠানে উপাচার্য কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো।


তিনি বলেন, সম্মাননা ও সনদ অর্জনের এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ এবং ১৫ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ প্রদান করা হয়।


অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য দেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমান।



এমকে/বিএম২৪