ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার এক দিনের মধ্যেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা থেকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বাণিজ্যিক জাহাজ ও মধ্যপ্রাচ্যে আইআরজিসির সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।


এরও এক দিন আগে, রোববার জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।


এর আগে শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমান বাহিনী আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করে। এরপরই জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।


শনিবারের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত শুরু হয়। তবে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবার ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেবে।


ট্রাম্প বলেন, ইরান এরই মধ্যে নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি নজরদারি সক্ষমতার বড় অংশ হারিয়েছে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না। এবারের পদক্ষেপ খুবই সীমিত হবে বলেও জানান তিনি।


সূত্র: সিএনএন


এমকে/বিএম২৪