নোবিপ্রবিতে ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সেমিনার, অংশ নিলেন অ্যালামনাই ও শিক্ষার্থীরা
সংগৃহীত
মো: শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে ‘এনএসটিইউ অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিজ, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নোবিপ্রবির বেশ কয়েকজন কৃতী অ্যালামনাই আজকের আয়োজনে যুক্ত হয়েছেন, যা আনন্দের বিষয়। আশাব্যঞ্জক ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করছেন। অতীতে সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধা নিয়েও তাঁরা যদি সফল হতে পারেন, তাহলে বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আরও বেশি কিছু আশা করা যায়। এ ধরনের আয়োজন পুরোনো ও নতুন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপাচার্য আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। শিক্ষা ও গবেষণার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় নোবিপ্রবির আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম উন্নয়নে কৃতী অ্যালামনাইদের সহযোগিতা কামনা করেন উপাচার্য।
নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. সহিদ সারওয়ারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন নোবিপ্রবির অ্যালামনাই ও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও নোবিপ্রবির অ্যালামনাই কামরুল হাসান রিমেল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কৃতী অ্যালামনাইরা শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডেন্সবিষয়ক বিভিন্ন সেশনে বক্তব্য দেন।
পরে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন ও কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








