নরসিংদীতে এক দিনে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
নরসিংদীতে এক দিনে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত ৫৮ জন

সংগৃহীত

শান্ত বণিক, নরসিংদী প্রতিনিধি 


নরসিংদীতে হাম ও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪৪ জনের। সব মিলিয়ে এক দিনে দুই রোগে আক্রান্ত হিসেবে ৫৮ জনের তথ্য পাওয়া গেছে। তবে এ সময়ে হাম ও ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


শুক্রবার (৬ নভেম্বর) নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জনসহ জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮৯ জন।


জেলায় এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। সন্দেহজনক হামে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের সবাই সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নরসিংদীতে এ পর্যন্ত মোট ২ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।


এমকে/বিএম২৪