হাজারো ফানুসের আলোয় রঙিন কাপ্তাইয়ের আকাশ, আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
হাজারো ফানুসের আলোয় রঙিন কাপ্তাইয়ের আকাশ, আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

সংগৃহীত

চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি


হাজারো রঙিন ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে রাঙামাটির কাপ্তাইয়ের রাতের আকাশ। একে একে আকাশে উড়ে চলা ফানুস আর শত শত মানুষের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহার মাঠ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হয়েছে।


ফানুস ওড়ানোর মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করে পাহাড়ি-বাঙালি সব বয়সী মানুষকে। বর্ণিল আলোয় আলোকিত কাপ্তাইয়ের আকাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।


প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দিনভর বিভিন্ন বৌদ্ধবিহারে বুদ্ধপূজা, শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান, বুদ্ধস্নান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


তবে সন্ধ্যা নামার পর কাপ্তাইয়ের মূল আকর্ষণ হয়ে ওঠে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহার মাঠ। গৌতম বুদ্ধের পবিত্র কেশধাতু পূজার স্মরণে এবং অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে সেখানে ফানুস ওড়ানো হয়। এ আয়োজনে অংশ নেন শত শত পুণ্যার্থী ও দর্শনার্থী।


তরুণ থেকে প্রবীণ—সবার হাতে ছিল নানা আকৃতির রঙিন ফানুস। একে একে ফানুসে আগুন জ্বালিয়ে আকাশে ছেড়ে দেওয়ার দৃশ্য পুরো বিহার মাঠে তৈরি করে আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ। বাতাসে ভেসে চলা ফানুসের হলুদ, লাল ও নীল আলোয় রাতের আকাশ ধারণ করে মনোরম রূপ। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষ করতালি দিয়ে উপভোগ করেন এই দৃশ্য।


প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন করতে আসা কয়েকজন পুণ্যার্থী জানান, প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি ও মৈত্রীর বার্তা ছড়িয়ে দেওয়ার দিন। আকাশে ফানুস ওড়ানোর মধ্য দিয়ে মানুষ নিজের ভেতরের হতাশা, হিংসা ও অন্ধকার দূর করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রার্থনা করে।


সব মিলিয়ে কাপ্তাইয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, বর্ণিল ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়েছে এবারের প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব।


এমকে/বিএম২৪