স্বামী প্যারালাইজড, তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত: নতুন ঘর করে দিলেন আলমডাঙ্গার ইউএনও

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম
স্বামী প্যারালাইজড, তিন শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত: নতুন ঘর করে দিলেন আলমডাঙ্গার ইউএনও

সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


একদিকে স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত স্বামী, অন্যদিকে ঘরে তিন ছোট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করেই থমকে যায় আলমডাঙ্গার আসাননগরের শহিদুল ইসলামের পরিবারের স্বাভাবিক জীবন। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে অভাব, অনিশ্চয়তা আর অসহায়ত্বে মানবেতর দিন কাটছিল পরিবারটির।


এমন কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার। সরকারি দায়িত্বের গণ্ডি পেরিয়ে মানবিকতার জায়গা থেকে তিনি পরিবারটির পাশে দাঁড়ান। শুধু আর্থিক সহায়তা দিয়েই থেমে থাকেননি, পরিবারের নিরাপদ বসবাসের জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।


শহিদুল ইসলামের পরিবারের দুর্দশার কথা জানতে পেরে ইউএনও শাহিনুর আক্তার নিজেই তাদের বাড়িতে ছুটে যান। সেখানে অসুস্থ শহিদুল ইসলামের শারীরিক অবস্থা এবং তিন শিশুর অনিশ্চিত ভবিষ্যতের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেন।


পরিবারটির জন্য নগদ অর্থ, টিন ও শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে নতুন একটি ঘর নির্মাণ করে দেন তিনি।


নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির জীবনে। দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে এই সহায়তা তাদের জন্য হয়ে উঠেছে নতুন আশার আলো।


স্থানীয়রা বলছেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, এটি সমাজের অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতারও দৃষ্টান্ত।


এমকে/বিএম২৪