শরীয়তপুরের জাজিরায় ১৫ দিন ধরে নিখোঁজ কিশোরী, শোকে স্ট্রোক করে মায়ের মৃত্যু
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার ১৫ দিন পার হলেও সন্ধান মেলেনি সাবরিনা আক্তার শিমু (১৫) নামে এক কিশোরীর। মেয়ের নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তা ও শোকে ভেঙে পড়েছিলেন তার মা। এরই মধ্যে স্ট্রোক করে মারা গেছেন তিনি।
নিখোঁজ সাবরিনা আক্তার শিমু জাজিরা উপজেলার কাজীরহাট এলাকার ডুবিসায়বর গ্রামের বাহাদুর দেওয়ানের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাবরিনা। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
পরিবারের সদস্যরা জানান, মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তার মা। মেয়ের কোনো খোঁজ না পেয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তিনি। এর মধ্যে গত ২৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
সাবরিনার বাবা বাহাদুর দেওয়ান বলেন, ‘মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। মেয়ের চিন্তায় আমার স্ত্রীও মারা গেলেন। আমরা শুধু মেয়েকে ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
সাবরিনার বোন সারাহ সাবরিন বলেন, ‘একদিন ফোন করে শুধু বলেছিল, “রংপুর”। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। আমার মা চিন্তায় দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা অনেকবার ফোন করেছি, মেসেজ ও ভয়েস মেসেজ দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমার বোনকে দ্রুত খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’
এদিকে পুলিশ জানিয়েছে, সাবরিনার নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে এক ছেলের সঙ্গে তার রংপুরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনের অবস্থানও শনাক্ত করা হয়েছিল। তবে পরে ব্যবহৃত সিমটি বন্ধ করে দেওয়া হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে একটি ছেলের সঙ্গে সাবরিনা রংপুরে গেছে। আমরা তার মোবাইলের লোকেশন শনাক্ত করেছিলাম। পরে সিমটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজ হওয়ার পর তার মায়ের সঙ্গেও কথা হয়েছিল। তখন সে জানিয়েছিল, সে বাড়িতে ফিরবে না। তবে মেয়েটির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া গেলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’








