পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


চলতি বছর পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামের বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। মহাকাশ থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ এবং অ্যান্টার্কটিকায় স্থাপিত ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে ফ্রান্সিস হালজেনের নাম ঘোষণা করে।


নোবেল কমিটি জানায়, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থগত উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে নির্ণায়ক অবদানের’ জন্য হালজেনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।


নিউট্রিনো অত্যন্ত ক্ষুদ্র ও প্রায় ভরহীন একটি কণা, যা সাধারণ পদার্থের সঙ্গে খুবই সামান্য মিথস্ক্রিয়া করে। এ কারণে নিউট্রিনো শনাক্ত করা অত্যন্ত কঠিন। তবে মহাবিশ্বের দূরবর্তী ও শক্তিশালী বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা পেতে নিউট্রিনো গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অ্যান্টার্কটিকার বরফের প্রায় দেড় কিলোমিটার গভীরে স্থাপন করা হয়েছে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি। বিশাল এই বৈজ্ঞানিক গবেষণা ব্যবস্থার মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীতে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করা হয়।


চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। একাধিক বিজয়ী থাকলে সাধারণত এই অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ২০২৬ সালে পুরস্কারটি এককভাবে পেয়েছেন ফ্রান্সিস হালজেন।


আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। পদার্থবিজ্ঞানে নোবেল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক স্বীকৃতি। এর আগে আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, পিয়েরে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক ও নিলস বোরের মতো বিজ্ঞানীরা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।


গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন ক্লার্ক, মিশেল ডেভোরে ও জন মার্টিনিস। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে প্রদর্শনের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।


এবারের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয় সোমবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। বুধবার রসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।


আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেবেন। পরে স্টকহোম সিটি হলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নোবেল ভোজ।


এমকে/বিএম২৪