দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে দুই কর্মকর্তা সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে নিজেদের আরও ৪ লাখ টাকা যোগ করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে সান্তাহার থেকে আবাদপুকুরের উদ্দেশে রওনা হন তারা।
দুপুরের দিকে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।
এমকে/বিএম২৪









