সেনবাগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ-হাতের লেখা প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
সেনবাগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ-হাতের লেখা প্রতিযোগিতা

সূত্রঃ সংগৃহীত

জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


সেনবাগ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণ জ্ঞান পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের আটটি এবং প্রাথমিক পর্যায়ের নয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায়ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।


সাধারণ জ্ঞান পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের ১৫ জন ও প্রাথমিক পর্যায়ের ২০ জনসহ মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হয় ১৫ জনকে। এ ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে খাতা, কলম, জ্যামিতি বক্স, আর্ট সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।


বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। পরে উপস্থিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেন।


অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সেনবাগের সভাপতি খন্দকার নিজাম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আমির হোসেন লিটন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিক্ষাবিদ এম. এ. আজিম চৌধুরী, সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী, সেনবাগ বালিকা বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক দলিলুর রহমান এবং মগুয়া এম. এ. আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আবু ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।


বক্তারা বলেন, উপজেলা প্রেসক্লাব শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থী ও শিশুদের মেধা বিকাশ এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা এমন উদ্যোগের জন্য উপজেলা প্রেসক্লাবের প্রশংসা করেন।


অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব সেনবাগের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।