মায়ের সঙ্গে ঝগড়ার পর ভয়ানক কাণ্ড করল কিশোর
সূত্রঃ বিডি মেইল
মো. জুয়েল কাজী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় মায়ের সঙ্গে ঝগড়ার পর অভিমান করে আব্দুল্লাহ মুন্সি (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ মুন্সি ওই গ্রামের সোনা মুন্সির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মায়ের সঙ্গে আব্দুল্লাহর ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে সে নিজের ঘরে চলে যায়। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।









