সুন্দরবনে র‍্যাবের অভিযান: তিন বস্তা থেকে ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
সুন্দরবনে র‍্যাবের অভিযান: তিন বস্তা থেকে ৩৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:


সুন্দরবনের শরণখোলা অংশে অভিযান চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৬। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্রগুলো উদ্ধারের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।


বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপদার বিষয়টি নিশ্চিত করেছেন।


র‍্যাব-৬ সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরবনের হরিণটানা এলাকার শ্যাওলা নদীর তীরসংলগ্ন গড়াইল বাগানে অভিযান চালায় র‍্যাবের একটি দল। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অস্ত্রসদৃশ কিছু বস্তু পড়ে থাকার তথ্য পাওয়া যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের বস্তার সন্ধান পাওয়া যায়।


বস্তাগুলো খুলে র‍্যাব সদস্যরা বিভিন্ন ধরনের ৩৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। উদ্ধার অস্ত্রের মধ্যে দুটি বিদেশি শর্টগান ও চারটি দেশীয় তৈরি পাইপগান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বাকি অস্ত্রগুলো দেশীয় তৈরি পুরোনো ওয়ান শুটারগানসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র।


র‍্যাব জানিয়েছে, অস্ত্রগুলোর মালিকানা বা এগুলো সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ঘটনায় অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।



এমকে/বিএম২৪