গোবিপ্রবিতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম
গোবিপ্রবিতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

সূত্রঃ সংগৃহীত

মো. নাঈম আশরাফ, গোবিপ্রবি প্রতিনিধি:


ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।


সকাল ৮টায় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টায় ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় পূজারম্ভ এবং সাড়ে ১১টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় ভক্ত ও উপস্থিতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


দিনের শেষ আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক। এসব আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।


এএসভিএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্ময় কুমার দাস জানান, "বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আয়োজন কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছিল ভালোবাসা, ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মিলনমেলা।"

 তিনি আরো বলেন, "ধর্ম যার যার, কিন্তু ক্যাম্পাসের এই আনন্দ আমাদের সবার। এই ভালোবাসার সুবাতাস আমাদের প্রাণের গোবিপ্রবিতে চিরকাল বজায় থাকুক এটাই আমার প্রত্যাশা।"


মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মন্দির কমিটির কোষাধ্যক্ষ বাঁধন প্রামাণিক বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কমিটির সম্মিলিত প্রচেষ্টায় জন্মাষ্টমীর আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। এ আয়োজন সফল করতে সহযোগিতা করা শিক্ষক, শিক্ষার্থী, অতিথি, স্বেচ্ছাসেবক ও কমিটির সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”


উল্লেখ্য, সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাঁর জন্মতিথিকে স্মরণ করেই প্রতিবছর জন্মাষ্টমী উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, শোভাযাত্রা, আলোচনা, কীর্তন ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।



এমকে/বিএম২৪