সাভারের ছাদে যুবক হত্যা: রংপুরে এজাহারভুক্ত আসামি মিন্টু গ্রেপ্তার

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
সাভারের ছাদে যুবক হত্যা: রংপুরে এজাহারভুক্ত আসামি মিন্টু গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

আনোয়ারুল ইসলাম রনি;রংপুর ব্যুরো


রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে সাভারের আলোচিত যুবক হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মিন্টু (৪৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।


র‌্যাব জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বাজার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই নিহত মোনারুল ইসলাম বকশীর ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক এক কিশোরীকে নিয়ে নিখোঁজ হন। পরে কিশোরীর পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কিশোরী ঢাকার সাভারে অবস্থান করছেন।


এরপর গত ৬ আগস্ট রাতে আসামিরা পুলিশকে সঙ্গে নিয়ে সাভারের বিপিএসসির ১ নম্বর গেট দিয়ে একটি বাসায় প্রবেশ করেন। সেখানে নিখোঁজ কিশোরীর সন্ধান করা হয়। একপর্যায়ে তাকে না পেয়ে মোনারুল ইসলাম বকশীকে ভবনের ছাদে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


এজাহারের অভিযোগ অনুযায়ী, ছাদে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে মোনারুল ইসলাম বকশীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র‌্যাব।


র‌্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পীরগাছায় অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব আরও জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪