সন্তানকে সম্পত্তি দান করেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতা বাবা-মা বা দাদা-দাদি জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগদখল করতে পারবেন। এ সুযোগ রেখে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’ সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ কণ্ঠভোটে পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিলের বিধান অনুযায়ী, বাবা-মা, দাদা-দাদি বা নানা-নানি সন্তান কিংবা নাতি-নাতনিকে সম্পত্তি দান করলে দাতা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দানের ক্ষেত্রেও দাতার জীবনকালীন ভোগাধিকার বহাল থাকবে।
এ ছাড়া দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে দাতার ভোগের অধিকার অব্যাহত থাকবে। পরে প্রচলিত আইন অনুযায়ী ওই সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর হবে।
আইনমন্ত্রী বলেন, প্রচলিত আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন ব্যবস্থা থাকলেও দাতার জীবদ্দশায় সম্পত্তি ভোগের অধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে স্পষ্ট বিধান ছিল না। সংশোধিত আইনের মাধ্যমে জীবনকালীন ভোগাধিকার রেখে সম্পত্তি দানের একটি স্বতন্ত্র ব্যবস্থা তৈরি হবে।
তিনি আরও বলেন, নতুন বিধান সব ধর্মের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের হেবা কিংবা আইনস্বীকৃত অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতির ওপর কোনো প্রভাব পড়বে না।
তবে বিলটির বিরোধিতা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি দাবি করেন, দাতার আজীবন সম্পত্তি ভোগের সুযোগ রাখা হলে ইসলামী উত্তরাধিকার আইনের বিধান পাশ কাটানোর আশঙ্কা তৈরি হতে পারে।
তার মতে, আইনটি কার্যকর হলে ভবিষ্যতে উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পত্তির অধিকার নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। বিল পাসের আগে বিরোধীদলীয় সদস্যরা এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন।
এমকে/বিএম২৪








