কর্মস্থলে অনুপস্থিত, তবু ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ চবি শিক্ষকের

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ এএম
কর্মস্থলে অনুপস্থিত, তবু ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ চবি শিক্ষকের

সূত্রঃ ফাইল ছবি

চবি প্রতিনিধি


শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ না দিয়েও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৭ লাখ টাকা বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের বিরুদ্ধে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া একাধিকবার বিদেশে অবস্থানের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।


তিনটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমা দত্ত শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেননি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণ ও দেশের বাইরে অবস্থানের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।


অভিযোগের মধ্যে রয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকা অবস্থায়ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ করা। এসব অভিযোগের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি অভিযোগগুলোর সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয়।


এর ভিত্তিতে সিন্ডিকেট সভায় ড. সোমা দত্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, তিনটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক সোমা দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।


তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থানকালে ভোগ করা বেতন-ভাতা তাঁকে ফেরত দিতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে চাকরিচ্যুতির মতো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।


এখন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করবে।