মানবতার সেবায় খাগড়াছড়ি সনাতনী ব্লাড গ্রুপ
সূত্রঃ সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—ভূপেন হাজারিকার অমর এই গানের কথার মতোই মানুষের বিপদে পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ। ‘একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক সনাতনীর আত্মার বন্ধন’—এই স্লোগানকে ধারণ করে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধকরণ, জনসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সেবার মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই তাদের অন্যতম লক্ষ্য—প্রত্যেক মানুষ যেন নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন এবং মানবতার টানে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।
খাগড়াছড়ির সনাতনী সম্প্রদায়ের অন্যতম সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সনাতনী ব্লাড গ্রুপ বিভিন্ন সময়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করে আসছে। রক্তদানে মানুষকে উৎসাহিত করতে অনলাইন ও অফলাইনে নানা ধরনের প্রচার-প্রচারণাও চালিয়ে থাকে সংগঠনটি।
অনলাইনে নিয়মিত রক্তদানসংক্রান্ত বিভিন্ন তথ্য, প্রচারমূলক বার্তা ও সচেতনতামূলক পোস্ট প্রকাশ করা হয়। তবে সংগঠনটির কার্যক্রম শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন উৎসবে উপহারসামগ্রী বিতরণ, শীতকালে শীতবস্ত্র প্রদান, থ্যালাসেমিয়া ও চক্ষুদান দিবস এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেমিনার, ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে তারা।
এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচিও পালন করে খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ।
স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সংগঠনটির এক সদস্য বলেন, রক্তদানে শুধু গ্রহীতাই উপকৃত হন না, রক্তদাতারাও এর মাধ্যমে উপকৃত হন। রক্তদানের আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মাধ্যমে একজন রক্তদাতা নিজের স্বাস্থ্যের বিভিন্ন বিষয় সম্পর্কেও জানতে পারেন।
তিনি বলেন, “আমরা চাই, মানুষ যেন নিজের ভেতর থেকেই মানবতার চেতনা নিয়ে রক্তদানে এগিয়ে আসে। যদি একদিন মানুষ নিজ থেকেই রক্তদানে সচেতন হয়ে যায়, তাহলে হয়তো আমাদের এই সংগঠনের আর প্রয়োজন থাকবে না।”
মানবতার সেবায় খাগড়াছড়ি জেলা সনাতনী ব্লাড গ্রুপ এখন শুধু একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়; এটি হয়ে উঠেছে জীবন বাঁচানো ও মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক আন্দোলন।
এমকে/বিএম২৪








