সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সংগৃহীত
কুবি প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে গঠনমূলক সমালোচনার চর্চায় উৎসাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ আহ্বান জানানো হয়।
নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত সংগঠনগুলোকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সম্প্রতি কয়েকটি নিবন্ধিত সংগঠনের পক্ষ থেকেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। পাশাপাশি মতপ্রকাশের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে অ্যাডমিনের পরিচয়হীন পেজ থেকে সাইবার বুলিং ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সবাইকে সতর্ক করতে আমরা এই নোটিশ দিয়েছি। এরপরও যদি কেউ সতর্ক না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে বসে সিদ্ধান্ত নেব।”
এমকে/বিএম২৪









