কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে চাপা দিয়ে হত্যার ঘটনায় জড়িত পিকআপ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত্রীকালীন রণপাহারা ডিউটি শেষে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিল পুলিশের একটি দল। পথে স্থানীয় বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলার জন্য পুলিশের গাড়িটি সড়কের পাশে থামানো হয়।
এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের সদস্যদের ও রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসআই মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ ঘটনায় পুলিশের আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। গত ২৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২৬। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়েছে।
ঘটনার পর পিকআপটি শনাক্ত এবং চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করে কালীগঞ্জ থানা-পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানার সামনে অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২ নম্বরের পিকআপ ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় পিকআপের হেলপার মো. রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশি জিজ্ঞাসাবাদে রাজু শেখ পিকআপটির চালক হিসেবে মো. মাজহারুল ইসলামের নাম জানান। চালককে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪








