আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনা উপমন্ত্রী মিন লিয়াও
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেতে যাচ্ছেন চীনের অর্থ মন্ত্রণালয়ের বর্তমান উপমন্ত্রী মিন লিয়াও। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করবেন।
আইএমএফের বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। তার স্থলাভিষিক্ত হিসেবে মিন লিয়াওকে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আইএমএফের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক ঘোষণায় বলেন, চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিন লিয়াওকে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
আইএমএফ জানায়, মিন লিয়াও ২০১৮ সালের মে মাস থেকে চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সাল পর্যন্ত তিনি সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশন অফিসের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সাল থেকে তিনি চীনের মুদ্রানীতি কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।
এর আগে তিনি সেন্ট্রাল লিডিং গ্রুপ ফর ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক ছিলেন।
পিপলস ব্যাংক অব চায়না, চায়না এভারব্রাইট গ্রুপ ও ব্যাংক অব চায়নায় কাজের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করেন মিন লিয়াও। পরে চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশনের জেনারেল অফিসের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাংহাই ব্যাংকিং রেগুলেটরি ব্যুরোর মহাপরিচালক হন।
নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণমূলক কাজের পাশাপাশি অর্থায়ন, ব্যাংকিং তদারকি, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক আর্থিক সুশাসন নিয়ে তার গবেষণা রয়েছে। শিক্ষাজীবনে তিনি পিকিং ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এদিকে, বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালক বো লির অবদানের প্রশংসা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, ২০২১ সালের আগস্টে আইএমএফের সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যোগ দেওয়ার পর থেকে বো লি সহকর্মী ও বন্ধুদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। বৈশ্বিক অর্থনীতির কঠিন সময়ে তার বিচারবুদ্ধি, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও শান্ত সহমর্মিতা সংস্থাটিকে পথ দেখিয়েছে।
জর্জিয়েভা জানান, দায়িত্ব পালনকালে বো লি প্রায় ৯০টি সদস্য দেশের জন্য আইএমএফের নীতিগত কার্যক্রম তদারক করেছেন। সংস্থাটির প্রথম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট পলিসি ও রোডম্যাপ প্রণয়ন এবং ডাটা গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক আধুনিকায়নে নেতৃত্ব দিয়েছেন তিনি।
ডিজিটাল মুদ্রা, আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা ও স্টেবলকয়েন নিয়ন্ত্রণ নিয়ে কাজ করার পাশাপাশি ক্ষুদ্র উন্নয়নশীল রাষ্ট্রগুলোর সঙ্গে আইএমএফের সম্পৃক্ততা জোরদার, কমন ফ্রেমওয়ার্কের আওতায় ঋণ পুনর্গঠন এবং সুশাসন ও দুর্নীতি দমন কার্যক্রমেও নেতৃত্ব দিয়েছেন বো লি। সম্প্রতি নজরদারি, ঋণদান ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিয়েছিলেন তিনি।
বো লির অবদানের কথা স্মরণ করে জর্জিয়েভা বলেন, তিনি আইএমএফে স্থায়ী ছাপ রেখে গেছেন। তার বন্ধুত্ব, পরামর্শ এবং সদস্য দেশগুলোর প্রতি নিবেদনের জন্য তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ।
নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত মিন লিয়াও সম্পর্কে আইএমএফ প্রধান বলেন, ব্যাংকিং, আর্থিক নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন সম্মানিত নীতিনির্ধারক তিনি। বৈশ্বিক সামষ্টিক নীতি সমন্বয় এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক রাজস্ব, আর্থিক ও বাণিজ্য সহযোগিতায় তার গভীর সম্পৃক্ততা রয়েছে।
জর্জিয়েভার মতে, অভ্যন্তরীণ সংস্কার ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় মিন লিয়াওয়ের অভিজ্ঞতা আইএমএফ এবং এর সদস্য দেশগুলোর জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে।









