সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধন
ছবি: বিডি মেইল
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের ভেদারগঞ্জ উপজেলার সখিপুরে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর চতুর্থ আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাজী নয়ন শরীফ সরকার কান্দি ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এবারের আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব মাকসুদুর রহমান মুসু সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আসিফ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান রাজীব সরদার বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয় এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। আমি আশা করি, আয়োজকেরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবেন।”
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাদবর কান্দি ফুটবল একাদশ ও বেপারী কান্দি ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। খেলায় জয়লাভ করে বেপারী কান্দি ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। এর মধ্য দিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে দলটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন রফিক আহমেদ সরকার, এসএম রতন সরকার, কবির হোসেন সরকার, এস এম আহসানউল্লাহ ফুহাদ সরকার, এস এম সোহেল সরকার, মনির হোসেন সরকার, শাহ নেয়াজ হোসেন সরকার, ইলিয়াস হোসেন সরকার, মফিজুল হক সরকার ও সেকুল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মরহুম মনসুর আহমেদ সরকারের স্মৃতিকে ধরে রাখা এবং স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। পাশাপাশি খেলাধুলার চর্চা বাড়বে এবং এলাকার তরুণদের মধ্যে ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি হবে।








