মোংলায় ‘এক বেলার মেহমানখানা’য় মাটিতে বসে খাবার খেলেন পরিবেশ প্রতিমন্ত্রী
ছবি: বিডি মেইল
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলায় ছিন্নমূল মানুষের জন্য স্থানীয় যুবকদের উদ্যোগে পরিচালিত ‘এক বেলার মেহমানখানা’য় যোগ দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। সেখানে অসহায় মানুষের পাশে মাটিতে বসে দুপুরের খাবার খান তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর প্রতিমন্ত্রী ‘এক বেলার মেহমানখানা’য় যান। সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে বসে খাবার গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ প্রতিমন্ত্রীর সফরসঙ্গীরাও একইভাবে খাবার খান।
মোংলা পোর্ট পৌরসভা ও আশপাশের এলাকার দরিদ্র, অসহায়, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের জন্য গত এক বছর ধরে প্রতি শুক্রবার এ খাবারের আয়োজন করে আসছেন স্থানীয় যুবকেরা। ব্যক্তিগত অনুদান, ব্যবসায়ী ও বন্ধুদের সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচালিত হচ্ছে ব্যতিক্রমী এ উদ্যোগ।
সরকারি কর্মসূচি শেষে উদ্যোগটির কথা জানতে পেরে সেখানে যান পরিবেশ প্রতিমন্ত্রী। আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, অনেক অসহায় মানুষের নিয়মিত খাবার জোগাড় করতে কষ্ট হয়। তাঁদের জন্য সপ্তাহে এক দিন ভালো খাবারের ব্যবস্থা করা একটি মহৎ উদ্যোগ। এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সচ্ছল মানুষসহ সমাজের সবার সহযোগিতা করা উচিত।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় রাজনৈতিক নেতারাও অংশ নেন।
প্রতিমন্ত্রীর এ উদ্যোগ ও অসহায় মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাবার গ্রহণের ঘটনাকে স্থানীয়রা আন্তরিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এমকে/বিডিমেইল২৪








