প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের পরিবেশকের টাকা বহনকারী একটি ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িতে চার কোটি টাকা ছিল।


শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।


আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখা মাওনা চৌরাস্তা এলাকায় কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়।


এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছিল।


একটি ব্যক্তিগত গাড়িতে করে ওই টাকা পরিবহনের সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছায়। এ সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। পরে চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে তারা।


একপর্যায়ে দুর্বৃত্তরা পিস্তল বের করে গাড়িতে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে। পরে গাড়িতে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।


লুট হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা লুটের ধারণা করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গাড়িতে চার কোটি টাকা ছিল বলে জানিয়েছেন।


ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ টাকা সংগ্রহ করতে হয়েছিল। সেই টাকা পরিবহনের সময় দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালিয়ে টাকা নিয়ে যায়।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪