শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপির অভিযোগ নাহিদের
ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন।
নাহিদ বলেন, নির্বাচনে ফলাফলে কারচুপি হয়েছে। অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে বলেও দাবি করেন তিনি। ভোটে জয়ী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যে পরিকল্পনার কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে মানুষ কীভাবে নিরাপদ থাকবে—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি আরও বলেন, নির্বাচনে দুটি পক্ষ ছিল—সংস্কারের পক্ষে একটি এবং আরেকটি যারা পুরোনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়।
এদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হলে তা দুর্ভাগ্যজনক হবে। শুরুতে ভোট ভালো দেখানো হলেও গণনায় উল্টো ফল এসেছে বলেও অভিযোগ করেন তিনি।
বা/মে২৪/ফা









