শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা

সংগৃহীত

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।


এ সময় গাজীপুর জেলা ও মহানগর এলাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় অংশ নেন।


সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা এবং প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং উৎসব চলাকালে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এমকে/বিএম২৪