শান্তিগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৪৮ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও-সংলগ্ন একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এসআরবি-৯ ও সিপিসি-৩-এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করে। রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।
পরে আটক সুমন মিয়ার জিজ্ঞাসাবাদ ও দেখানো মতে, অটোরিকশার ভেতরে থাকা দুটি সাদা কাগজের কার্টন থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল করিম।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে শান্তিগঞ্জ থানায় হস্তান্তরের কথা জানানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৯।
এমকে/বিএম২৪








