বাটামারায় প্রথমবারের মতো শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
বাটামারায় প্রথমবারের মতো শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত

সংগৃহীত

জেলা প্রতিনিধি


বরিশালের মুলাদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল বাটামারা ইউনিয়নে প্রথমবারের মতো শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে ২১ অক্টোবর ২০২৬ বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৬’-এর ওপর এ অধিবেশন অনুষ্ঠিত হয়।


জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।


বিল উপস্থাপনের আগে জ্ঞানের আলো পাঠাগারের (বিএলএ) প্রেসিডেন্ট সানজানা আজম সারা অধিবেশনে বক্তব্য দেন। পরে ছায়া আইনমন্ত্রী মোসাঃ তাইয়েবা ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৬’ উপস্থাপন করেন।


অধিবেশনে ছায়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুল হাসান (বাপ্পি) এবং বিরোধীদলীয় নেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন মেহেদী হাসান সাব্বির। স্পিকারের দায়িত্বে ছিলেন এফ. এম. শিমুল মাহমুদ। চিফ হুইপ ছিলেন সানজানা আজম সারা।


ছায়া সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. বায়েজিদ, ছায়া চিফ হুইপ ফারহান সাদিক, মো. রিক্তামনি, মো. সাহেদ মাহমুদ, মো. সাজ্জাদ, মো. নিরব, মো. ফারদিন, মো. রাইয়ান, মো. বিজয়, মো. এম আবরার মাহীর ও মো. মাইনুল ইসলাম।


এ ছাড়া ছায়া মন্ত্রিপরিষদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ফারদিন ইসলাম বাপ্পি, স্থানীয় সরকারমন্ত্রী মো. আহসানুল্লাহ ইমাম, তথ্য ও যোগাযোগমন্ত্রী সাহেদ মাহমুদ সোহান, ধর্মমন্ত্রী হাফেজ আবু রায়হান এবং অর্থমন্ত্রী নুসরাত জাহান শেফা।


প্রায় চার ঘণ্টাব্যাপী অধিবেশনে ছায়া সংসদ সদস্যরা বিলটির পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় স্থানীয় সরকারব্যবস্থায় এ ধরনের আইনের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা উঠে আসে। বিলটির বিপক্ষে কয়েকজন সদস্য জোরালো বক্তব্য দিলেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে তা পাস হয়।


অধিবেশনের সমাপনী পর্বে সেরা তিন সংসদ সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি ও বিচারকরা।


অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু তাহের মাস্টার, ৭৫ নম্বর উত্তমাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আজম সাবু, চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম এবং জ্ঞানের আলো পাঠাগারের স্থায়ী কমিটির সদস্য মো. তাইফুর আলম সুমন।


এমকে/বিএম২৪