না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

সংগৃহীত

বিনোদন ডেস্ক


দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।


পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তুলনার মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। পরবর্তী সময়ে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পর অস্ত্রোপচারের মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তুলনা। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


মডেলিং ও অভিনয়ের পাশাপাশি টেলিভিশন উপস্থাপনায়ও পরিচিত মুখ ছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফি ও পোশাক পরিকল্পনাতেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিনোদন ও ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন এই শিল্পী।


অসুস্থতার মধ্যেও জীবনযুদ্ধে হার মানেননি তুলনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব অনেকের নজর কেড়েছিল।


তার মৃত্যুতে বিনোদন ও ফ্যাশন অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তুলনার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।


এমকে/বিএম২৪