শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম
শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষার ইউনিয়নের ছৈয়াল বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত রাইয়ান মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবাসী রুবেল ছৈয়ালের ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে খেলছিল রাইয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।


পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে রাইয়ানকে উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাইয়ানের দাদা আব্দুর রফ ছৈয়াল বলেন, সকালে রাইয়ান বাড়ির পাশেই খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।


মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ অরুণ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ছোট শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।