কাপ্তাইয়ে কর্ণফুলীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম
কাপ্তাইয়ে কর্ণফুলীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

সূত্রঃ সংগৃহীত

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি


রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।


রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাইয়ের সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান।


নিহত সানম নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।


জানা গেছে, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা।


এ সময় নদীর তীব্র স্রোতে সানম গভীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা নয়জন সকালে কাপ্তাইয়ের সীতার পাহাড়ে উঠেছিলাম। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামি। সেখানে নামার পর মুহূর্তের মধ্যে সানম পানিতে পড়ে যায়। পরে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়।”


কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, সানমের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, তারা সানমের নিখোঁজ হওয়ার খবর পেয়েছিলেন। পরে ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে তাঁকে নদী থেকে তুলে এনেছে বলে জানতে পেরেছেন। তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা বলেও জানান প্রক্টর।