নাটোরে গৃহবধূ কুলসম খাতুন নিখোঁজ, থানায় অভিযোগ
সূত্রঃ ফাইল ছবি
নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের গৃহবধূ কুলসম খাতুন গত ১৭ সেপ্টেম্বর সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার মা মোছা. অফেলা বেগম নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কুলসম খাতুন নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে কুলসমকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে কুলসম তার মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। পরদিন তার স্বামীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
কুলসমের পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ অবস্থায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, কুলসমকে কোথাও আটকে রাখা বা গুম করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ কুলসম খাতুনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।








