কমলাপুর রেলস্টেশনে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন
সূত্রঃ সংগৃহীত
এ আর সুমন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে আগুন লাগে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। নির্ধারিত সময়ের আগে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ অবস্থায় ট্রেনটির একটি বগিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৯টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ার পাশাপাশি পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
আগুন পাশের বগিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দুর্বৃত্তদের আগুন দেওয়ার আশঙ্কা প্রকাশ করলেও আগুনের প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









