আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৭
সূত্রঃ সংগৃহীত
ফাহমিদা হৃদী, স্টাফ রিপোর্টার
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানাটির বাউন্ডারির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারভর্তি একটি লরিতে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ আহত বা হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জামগড়ায় অবস্থিত প্রীতি গ্রুপের কারখানার বাউন্ডারির ভেতরে একটি লরিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন। প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন, সড়কে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।
প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং বিস্ফোরণের বিস্তারিত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।









