শরীয়তপুরের গোসাইরহাটে ১২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে ১২ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় এক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুচাইপট্টি বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১২০ বান্ডিল কারেন্ট জাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর জব্দ করা জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

গোসাইরহাটের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর। পাশাপাশি এসব জাল জলজ সম্পদের জন্যও হুমকি সৃষ্টি করে।

তিনি বলেন, জব্দ করা জাল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দোকানিকে জরিমানা করা হয়েছে।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুচাইপট্টি বাজারের একটি মুদি দোকানে কারেন্ট জাল বিক্রির তথ্য পাওয়া যায়। পরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১২০ বান্ডিল জাল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষা ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


এমকে/বিএম২৪