সাতক্ষীরায় মাছ চুরির অপবাদে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
সাতক্ষীরায় মাছ চুরির অপবাদে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে ক্ষিতিশ মন্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নির্যাতনের শিকার হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত ক্ষিতিশ মন্ডল তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।


স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশকে আটক করা হয়। পরে তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ সময় তার হাত-পা ভেঙে দেওয়া এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে।


রাতভর নির্যাতনের পর শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের স্বজনেরা বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের জড়িত থাকার অভিযোগ করেছেন।


নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল বলেন, ক্ষিতিশের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে তাকে এভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এমকে/বিএম২৪