দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ায় জামায়াতের নিন্দা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ায় জামায়াতের নিন্দা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যান পুলিশের দুই সদস্য কনস্টেবল রোহিত দেওয়ান ও এএসআই ইমরান হোসেন। এ সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম প্রতিবেশী দুই রাষ্ট্রের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিন্তু ভারতীয় পক্ষের আগ্রাসী মনোভাব এ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক সীমান্ত আইনের পরিপন্থী।

মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি পুলিশ সদস্যদের অবিলম্বে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী ভারত বাংলাদেশের প্রতি সম্মানজনক আচরণ করছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানানো এবং এর প্রতিকার দাবি করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।


এমকে/বিডিমেইল২৪