শরীয়তপুরের জাজিরায় উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এমপি সাঈদ আসলাম
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আসলাম।
গত বুধবার বিকেলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি এলাকায় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভা শুরুর আগেই বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে সাধারণ মানুষ এবং বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আসলাম বলেন, “আগামীর পালং-জাজিরাকে সবার জন্য একটি চমৎকার, বাসযোগ্য ও শান্তিপূর্ণ জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছি। আমাদের দল ও সরকার সব সময় দেশের মৌলিক অবকাঠামো উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় পুরো এলাকায় ব্যাপক উন্নয়নকাজ অব্যাহত রয়েছে।”
বড়কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলহাস আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী মোস্তফা, পান্নু জমাদ্দার, আলী আহমেদ মাতব্বর, হাই ফকির, কামরুল কাজী, শাকিল ফকির, শুকুর ফকিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
এমকে/বিএম২৪









