মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী
সূত্রঃ বিডি মেইল
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বুধবার বেলা ১১টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে যান তিনি। ওই সময় তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এলাকায় অবস্থান করছিলেন। কর্মসূচির ফাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন।
শেখ ফরিদুল ইসলাম বলেন, আকস্মিক পরিদর্শনে এসে তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালন করতে দেখেছেন। রোগীদের সেবার ক্ষেত্রে যেন কোনো ধরনের অবহেলা না হয় এবং কেউ যাতে অভিযোগ করার সুযোগ না পান, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
এ সময় জরুরি কক্ষ আরও পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দেন প্রতিমন্ত্রী।
এদিকে প্রতিমন্ত্রী হাসপাতালে উপস্থিত হওয়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।








