মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তার রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে ওয়াশরুমে নিয়ে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে শিশুটিকে এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয়। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করা হবে বলে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলেও অভিযোগে বলা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে কান্নাকাটি করে মাদ্রাসায় আর না যাওয়ার কথা জানায়। একপর্যায়ে সে মায়ের কাছে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর গত ২৯ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, মামলা দায়েরের পর থেকেই রমিজ উদ্দীন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমিজ উদ্দীনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকে/বিএম২৪









