ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক, ফেনীতে
ডেস্ক রিপোর্টঃ
স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর সভাপতি ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে মৌখিকভাবে তালাক দেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার ওই এলাকার মৃত ইউসুফ হাজারীর ছেলে।
অভিযোগ রয়েছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জহুরাকে ভোটকেন্দ্রে না যেতে বারণ করেন তার স্বামী। তবে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্বামীকে ঘুমন্ত রেখে তিনি কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।
বিকেলে স্থানীয় লোকজনের মুখে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে কাওসার স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেন বলে অভিযোগ। এ সময় স্ত্রীকে ঘরে ঢুকতেও নিষেধ করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী কাওসারকে আটক করে বিক্ষোভ প্রকাশ করে। একপর্যায়ে জনসমাগম বাড়তে থাকলে বাড়িতে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে সরে যান তিনি।
এ ঘটনায় তিন সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জহুরা। স্থানীয়রা ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বা/মে২৪/ফা









